## অপারেটরস পাইথনে কমন কিছু অপারেটর আছে যেগুলো নানা ধরনের অপারেশনে সহায়তা করে থাকে । এর মধ্যে বেশীরভাগই ম্যাথ সিম্বল যেগুলো দিয়ে আমরা ম্যাথমেটিক্যাল অপারেশন চালাতে পারি । ```+``` প্লাস বা যোগ ```-``` মাইনাস বা বিয়োগ ```/``` স্ল্যাশ বা ভাগ ```*``` এস্টেরিস্ক বা গুন ```%``` পার্সেন্ট বা মডুলাস বা ভাগশেষ ```<``` লেস দ্যান বা ক্ষুদ্রতর ```>``` গ্রেটার দ্যান বা বৃহত্তর ```<=``` লেস দ্যান অর ইকুয়াল অর্থাৎ ক্ষুদ্রতর অথবা সমান ```>=``` গ্রেটার দ্যান অর ইকুয়াল অর্থাৎ বৃহত্তর অথবা সমান ইংরেজী নাম গুলো উল্লেখ করলাম কারণ অন্য কোথাও পাইথন রিলেটেড কিছু পড়তে গেলে সেটা ইংরেজীতে হবে সেটাই স্বাভাবিক । তাই এই ইংরেজী নামগুলোই আমাদের শেখা উচিৎ । এবার উদাহরণসহ দেখা যাক এদের কোনটার কাজ কি: ### যোগ বিয়োগ গুন ভাগ এগুলোর কাজ বোধহয় বলার অপেক্ষা রাখে না । আমরা কিছু উদাহরণ দেখব। ```python num = 3 num = num + 1 print num # Output: 4 num = num - 2 print num # Output: 2 num = num * 8 print num # Output: 16 num = num / 4 print num # Output: 4 ``` আপনারা এই কোডটি কোন পাইথন ফাইলে টাইপ করে (কখনোই কপি পেস্ট করবেন না প্লিজ) রান করে দেখুন । এবার পাইথনের ইন্টারএক্টিভ শেলে নিজের ইচ্ছামত কিছু যোগ বিয়োগ গুন ভাগ করে দেখুন পাইথন এর এই শেলটিকে আসলে ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করা যায় কিনা :) আমি করলাম: ```python C:\Users\maSnun\Desktop>python Python 2.5.4 (r254:67916, Dec 23 2008, 15:10:54) [MSC v.1310 32 bit (Intel)] on win32 Type "help", "copyright", "credits" or "license" for more information. >>> 3+ 5 8 >>> (3+5)*(8/2)+(4-3) 33 >>> ``` একটু লক্ষ্য করলে দেখবেন পাইথনও ক্যলকুলেশন করার সময় BODMAS এর প্যটার্ন ফলো করে । এটাকে অপারেটর প্রিসিডেন্সও বলা হয় । ### পার্সেন্ট বা মডুলাস (%) এটি দিয়ে আমরা ভাগশেষ বের করি । যেমন: ```python print 15 % 7 #Output: 1 ``` ১৫ কে ৭ দিয়ে ভাগ করলে ভাগশেষ ১ থাকে, এটা কে না জানে, কিন্তু বলুন তো ১৫৭৯ কে ৩৭ দিয়ে ভাগ দিলে ভাগশেষ কত আসবে? নিজেই করে দেখুন না, অবশ্যই পাইথন ব্যবহার করে । ### কম্প্যারিজন অপরেটরস (<, >, <=, >=): এগুলো দিয়ে আমরা দুটি সংখ্যা বা এক্সপ্রেশনের মানের তুলনা করতে পারি । যেমন: ```python >>> 5 < 4 False >>> 5 > 3 True >>> 4 > 5 False >>> 4 < 5 True >>> 5 <= 5 True >>> 5 <= 10 True >>> 5 >= 6 False >>> 5 >= 5 True >>> 5 >= 3 True >>> ``` অর্থাৎ আমরা যখন টাইপ করব 5 > 4, পাইথন আমাদেরকে জানিয়ে দিবে এটা সত্যি (সম্ভব) কিনা । যেমন: 5 > 4 এ আমরা পাব True কেননা ৪ অপেক্ষা ৫ বড় কিন্তু 5 > 10 এ পাব False কারণ ৫ কোনভাবেই ১০ এর চেয়ে বড় না । কিন্তু 5 >= 5 কেন True? কারণ ইকুয়াল সাইন থাকলে বোঝায় “সমান অথবা বৃহত্তর” । এখানে ৫ যেহেতু ৫ এর সমান সেহেতু এটি True । এভাবে নিজে নিজে কিছু সংখ্যা নিয়ে এই প্রতীকগুলো ব্যবহার করে দেখুন । আশাকরি আরো ভাল ধারণা পাবেন । এবার দেখা যাক জটিল এক্সপ্রেশন কিভাবে বিশ্লেষন করা সম্ভব: ```python >>> (35 - 14) > (1001 - 999 ) True >>> ``` এক্ষেত্রে ৩৫ থেকে ১৪ বাদ দিলে থাকছে ২১, অপরদিকে ১০০১ থেকে ৯৯৯ বাদ দিলে থাকছে ২ । ২১ অবশ্যই ২ অপেক্ষা বড়, তাই এক্সপ্রেশনের ভ্যালু হবে True. এই জিনিসগুলো বার বার নিজে অনুশীলন করে নিন, আশা করি পাইথনে সাধারণ হিসাব নিকাশ খুব সহজেই করে নিতে পারবেন ।